Views Bangladesh Logo

সংসদ ভবনের মসজিদের ছাদ চুইয়ে পানি, সামাল দেওয়া হচ্ছে বালতি রেখে

জাতীয় সংসদ ভবনের ভেতরের মসজিদের ছাদ চুইয়ে পানি পড়ায় সেখানে বালতি রাখতে হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। সোমবার সংসদ অধিবেশনে তিনি এ সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।

জি কে গউছ বলেন, সংসদের অধিবেশন কক্ষের ওপরের তলায় থাকা মসজিদে সংসদ সদস্যসহ অনেকেই জামাতে নামাজ আদায় করেন। কিন্তু ছাদ দিয়ে পানি পড়ায় মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখতে হচ্ছে। তিনি বলেন, ‘শুধু বাইরে নয়, মসজিদের ভেতরেও আকাশের পানি ঢুকছে।’

জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, বিষয়টি তাঁরাও অবগত। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সংসদ ভবনের পশ্চিম পাশে অবস্থিত তাঁর সরকারি বাসভবনের ছাদ দিয়েও পানি পড়ে। এমনকি রাতে ঘুমানোর সময়ও পানি পড়া ঠেকাতে বাটি রাখতে হয়।

এ সময় চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, সংসদ ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের। ইতোমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং যেসব স্থানে পানি চুইয়ে পড়ছে, সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হবে।

পরে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণের পর গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সমস্যা সমাধানে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুতই এর প্রতিকার করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ