Views Bangladesh Logo

দেশ কি শুধু মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, সংসদে প্রশ্ন গয়েশ্বরের

বাংলাদেশ কি শুধু মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে, নাকি জাতি-ধর্ম নির্বিশেষে এ দেশের সব মানুষের জন্য—এমন প্রশ্ন তুলেছেন সরকারি দল বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে ধর্মীয় মূল্যবোধের কথা বলা হয়েছে, তবে কোনো নির্দিষ্ট ধর্মের কথা উল্লেখ করা হয়নি। সব ধর্মের মানুষের মূল্যবোধকে সমানভাবে ধারণ করাই দলের নীতি।

তিনি একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, একসময় তিনি একটি ইসলামিক ব্যাংকে একজন হিন্দু ব্যক্তির চাকরির জন্য সুপারিশ করেছিলেন। পরে ব্যাংকের একজন কর্মকর্তা তাকে জানান, ওই ব্যক্তি হিন্দু হওয়ায় সেখানে চাকরি দেওয়া সম্ভব নয়।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘ব্যাংকের নামের আগে ইসলাম থাকলেই যদি মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা সেখানে চাকরি করতে না পারেন, তাহলে এটি কি বৈষম্য নয়? বাংলাদেশ কি শুধু মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, নাকি এই ভূখণ্ডে বসবাসকারী সব জাতি ও ধর্মের মানুষের জন্য স্বাধীন হয়েছে?’

তিনি আরও বলেন, মসজিদ বা মাদ্রাসায় ধর্মীয় বিধান থাকতে পারে, কিন্তু একটি ব্যাংক তো সবার জন্য উন্মুক্ত একটি আর্থিক প্রতিষ্ঠান। সেখানে ধর্মের ভিত্তিতে সুযোগ সীমিত করা হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।

ইসলামিক ব্যাংক ও ইসলামিক বীমা প্রতিষ্ঠানের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, এগুলো যদি সবার জন্য না হয়, তাহলে বিষয়টি নিয়ে ব্যাখ্যা প্রয়োজন।

বাজেট আলোচনায় তিনি বলেন, বিরোধিতা শুধু বিরোধিতার জন্য হওয়া উচিত নয়; বরং বিকল্প পথ দেখানোর মধ্য দিয়েই গণতন্ত্র শক্তিশালী হয়।

জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে ‘ইসলামিক বাংলাদেশ’ ঘোষণা করেননি। তিনি সব ধর্মের মূল্যবোধকে সমুন্নত রেখে ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরও বলেন, পৃথিবীর কোনো ধর্মই মানুষকে অন্যায়, সহিংসতা, হত্যা বা অসৎ পথে চলতে শেখায় না। তাই রাষ্ট্র পরিচালনায় সব ধর্মের মানুষের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ