Views Bangladesh Logo

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট দেবে ওয়ারফেজ

সংগীত দুনিয়ার পপ আইকন মাইকেল জ্যাকসন প্রয়াত হয়েছেন ২০০৯ সালে, তবু এখনো গানপ্রেমীদের মনে প্রবলভাবে জীবন্ত। সম্প্রতি বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর তাকে ঘিরে আবার সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। ঠিক এই সময়েই এই কিংবদন্তিকে ট্রিবিউট জানানোর ঘোষণা দিল বাংলাদেশের কালজয়ী ব্যান্ড ওয়ারফেজ।

আগামী ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘প্লেলিস্ট: ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক কনসার্ট। এতে নিজেদের গানের পাশাপাশি মাইকেলের ডজনখানেক গান পরিবেশন করবে ওয়ারফেজ। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ এ খবর জানিয়েছে। আয়োজকদের ভাষ্য, মাইকেল জ্যাকসনের গান এখনো বিশ্বজুড়ে সমান জনপ্রিয়, আর সম্প্রতি একুশে পদকে সম্মানিত ওয়ারফেজও সময়ের অন্যতম আলোচিত ব্যান্ড; দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ আয়োজন। শিগগিরই গেটসেট রক-এ টিকিট বিক্রি শুরু হবে।

এদিকে আগামী শনিবার (৬ জুন) পথচলার ৪২ বছরে পা রাখছে ওয়ারফেজ। এ উপলক্ষে একটি প্রাইভেট কনসার্ট করবে তারা, যেখানে সদস্যরা একসঙ্গে আড্ডা-আনন্দে মেতে উঠবেন। ভক্তদের জন্য সুখবর হলো, শিগগিরই ব্যান্ডটির দুটি নতুন গান আসছে। এর একটি তাদের ‘জীবনধারা’ (১৯৯৬) অ্যালবামের ‘ক্রমশ’ গানের নতুন সংস্করণ; অন্যটি একটি চলচ্চিত্রের গান, যার বিস্তারিত আপাতত প্রকাশ করা হচ্ছে না।


বর্তমানে ওয়ারফেজের লাইনআপে আছেন শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), ইব্রাহিম আহমেদ কমল (লিড গিটার), পলাশ নূর (ভোকাল), নাঈম হক রজার (বেজ), শামস (কি-বোর্ড), সামির হাফিজ (লিড গিটার) ও সৌমেন দাস (লিড গিটার)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ