১৪ বছর পর ওয়ারফেজের নতুন অ্যালবাম, প্রথম গান ‘গিরগিটি’ প্রকাশ
দীর্ঘ ১৪ বছর পর নতুন স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরছে দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ। নতুন অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফিরেছে কিংবদন্তি এই ব্যান্ড।
সোমবার এক অনুষ্ঠানে গানটির অডিও ও মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। গানটি এখন লয় রেকর্ডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে।
২০১২ সালের পর এটিই ওয়ারফেজের প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবামের কোনো গান। ‘গিরগিটি’ শুধু নতুন অ্যালবামেরই অংশ নয়, একই সঙ্গে আপস্টুডিও প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মাণাধীন ‘গিরগিটি’ চলচ্চিত্রেও ব্যবহার করা হয়েছে। ছবিটি প্রযোজনা করছেন হামিদুল হাসান নবীন, আর পরিচালনা করছেন সৌরভ কুন্ডু।
গানটির কথা লিখেছেন শামস মনসুর গনি ও কে এম ইমরানুল হক রিতুল। সুর করেছেন শামস মনসুর গনি। সংগীতায়োজন ও পরিবেশনায় রয়েছে পুরো ওয়ারফেজ ব্যান্ড। মিউজিক ভিডিও নির্মাণ করেছে আপস্টুডিও প্রোডাকশন হাউজ।
লয় রেকর্ডস জানিয়েছে, ওয়ারফেজের মতো প্রভাবশালী একটি রক ব্যান্ডের নতুন গান প্রকাশ করতে পেরে তারা গর্বিত। ২০২১ সালে যাত্রা শুরুর পর প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন ঘরানার সংগীত নিয়ে কাজ করছে এবং এর আগে ব্যান্ডটির পাঁচটি একক গান প্রকাশ করেছে।
২০২৬ সাল ওয়ারফেজের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এ বছর ব্যান্ডটি সংগীতজীবনের ৪২ বছর পূর্ণ করেছে। একই সঙ্গে দেশের সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছে একুশে পদক। এছাড়া বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পোর সঙ্গে যৌথ উদ্যোগে বিশেষ সংস্করণের জিপ্পো লাইটারও প্রকাশ করেছে তারা।
১৯৮৪ সালে যাত্রা শুরু করা ওয়ারফেজ এখন পর্যন্ত সাতটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে— ‘ওয়ারফেজ’, ‘অবাক ভালোবাসা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘আলো’, ‘মহারাজ’ ও ‘সত্য’।
বর্তমানে ব্যান্ডটি ‘পথচলা ২’ নামের আরেকটি অ্যালবামের কাজও করছে, যেখানে তাদের জনপ্রিয় পুরোনো গানগুলো নতুন আয়োজনে ফিরে আসছে। পাশাপাশি সাত থেকে আটটি গান নিয়ে নতুন স্টুডিও অ্যালবামের বাকি গানগুলোও ধাপে ধাপে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
চার দশকেরও বেশি সময়ের সংগীতযাত্রায় ওয়ারফেজ উপহার দিয়েছে ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’ ও ‘রূপকথা’র মতো কালজয়ী গান।
মতামত দিন