Views Bangladesh Logo

গ্রেপ্তার অভিযানে সিদ্ধেশ্বরীর ভবন থেকে পড়ে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী রোডের একটি ভবনের অষ্টম তলার কার্নিশ থেকে পড়ে নজরুল ইসলাম (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা এবং প্রতারণার একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তাঁর বাসায় অভিযান চালায়।

রমনা থানার পুলিশ জানায়, রাত ১২টার দিকে পুলিশ তাঁর ফ্ল্যাটে গিয়ে তল্লাশি চালায়। একপর্যায়ে শোবার ঘরের সংলগ্ন কার্নিশে নজরুলকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁকে ভেতরে আসতে বলা হয়। এর মধ্যেই তিনি কার্নিশ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল কার্নিশে গিয়ে লুকিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি পাশের ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিচে পড়ে যান। ঘটনার সময় তাঁর স্ত্রী রওশনারা বেগম বাসায় ছিলেন, আর তাঁদের ছেলে দেশের বাইরে থাকেন।

এ ঘটনায় নজরুল ইসলামের পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এজন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ