Views Bangladesh Logo

ভবঘুরে জীবন, অথচ কণ্ঠে জাদু, ‘লাইলি খালা’ মুগ্ধ করলেন নেটদুনিয়া

খালি পায়ে শহরের পথে পথে হাঁটেন তিনি। কখনও হাটে, কখনও বাজারে, আবার কখনও মানুষের ভিড়ের মাঝখানে নিঃশব্দে বসে থাকেন। ফরিদপুর শহরের পরিচিত মুখ এই নারীকে সবাই চেনে ‘লাইলি খালা’ নামে। ভবঘুরে জীবন বেছে নেওয়া এই নারী এবার গান গেয়ে মুগ্ধ করেছেন নেটিজেনদেরও।

গতকাল নজরুল জয়ন্তী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে হঠাৎ করেই মঞ্চে উঠে গান পরিবেশন করেন লাইলি খালা। জীর্ণ শাড়ি পরা সেই নারী যখন নজরুলের ‘নয়নভরা জল গো তোমার...’ গানটি গাইতে শুরু করেন, মুহূর্তেই নীরব হয়ে যায় পুরো আয়োজন। তার কণ্ঠ, গায়কি আর আবেগ ছুঁয়ে যায় উপস্থিত দর্শকদের। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুগ্ধতা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়ও।

ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন জানান, লাইলি খালা বহু বছর ধরেই শহরের পরিচিত একজন মানুষ। সংসার ছেড়ে অনেক আগেই তিনি বেরিয়ে পড়েন পথে। এক ছেলে ও এক মেয়ের মা হলেও সংসারে আর ফেরেননি। সন্তানরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, আর লাইলি খালার জীবন জড়িয়ে গেছে পথ আর মানুষের সঙ্গে।

স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে, কোনও ভিসা-পাসপোর্ট ছাড়াই তিনি কখনও কখনও পায়ে হেঁটে আজমীর শরীফ পর্যন্ত চলে যান।

মফিজ ইমাম মিলনের সঙ্গে তার পরিচয় হয় দুই হাজার সালের দিকে, যখন তিনি জেলা শিল্পকলা একাডেমির দায়িত্বে ছিলেন। তখন প্রায়ই শিল্পকলায় এসে চুপচাপ বসে থাকতেন লাইলি। সেখানেই তার গানের প্রতিভা নজরে আসে সবার। পরে ওস্তাদদের সহযোগিতায় খুব অল্প সময়েই হারমোনিয়াম বাজানোও শিখে ফেলেন তিনি।

মিলন বলেন, আমি একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান কেন? তখন তিনি বলেছিলেন, ‘আমি মানুষ দেখি। পৃথিবীতে কত রকমের মানুষ, কারও সঙ্গে কারও মিল নাই। মানুষ দেখতে আমার ভালো লাগে।’

তিনি আরও জানান, লাইলি খালা নূরজাহান, লতা মঙ্গেশকর কিংবা মেহেদী হাসানের গান এমন আবেগ দিয়ে গাইতে পারেন, যা শুনলে যে কেউ মুগ্ধ হয়ে যায়।

শুধু সাধারণ মানুষই নন, ফরিদপুরের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও এখন নিয়মিত ডাক পান তিনি। গত ২ এপ্রিল ‘ফরিদপুর হেরিটেজ’ অনুষ্ঠানে অতিথিদের সামনে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছিলেন লাইলি খালা। এবার নজরুল জয়ন্তীর আয়োজনেও তার গান মুগ্ধ করেছে সবাইকে।

উপমহাদেশের রাজনীতির ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত ফরিদপুরের ময়েজ মঞ্জিলে আয়োজিত ওই অনুষ্ঠানে নজরুলের দুটি গান পরিবেশন করেন তিনি। পরে তার গানের ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিও দেখে অনেকে লিখেছেন, ‘লাইলি খালার কণ্ঠ অসাধারণ, সুযোগ পেলে তিনি অনেক দূর যেতে পারতেন।’

আবার কেউ লিখেছেন, ‘নজরুলের গান এভাবে গাইতে হলে হৃদয়ের গভীরে শিল্পকে ধারণ করতে হয়।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, নাট্যকার ও শিক্ষক ড. অনুপম হায়াৎ, প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান চৌধুরীসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক প্রফেসর এম এ সামাদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ