বরিশালে দেয়াল ধসে ২ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বরিশাল নগরের বহুতল ভবনের নির্মাণাধীন দেয়াল ধসে পাশের খাবার হোটেলের ওপর পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে নগরের রুপাতলী লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুইজন হলেন- লোকমান হোসেন ওই হোটেলের মালিক আর মোকছেদুর রহমান কর্মচারী। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত অপর হোটেল কর্মচারী সাকিবকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সকালে ঘটনাস্থলে গিয়ে ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ জানান, ছাদের ওপরের নির্মীয়মাণ একটি দেয়াল ঝড়ো বাতাসে ধসে পাশের টিনশেড খাবার হোটেলের ওপর পড়ে। সে সময় সেখানে ঘুমিয়ে থাকা হোটেলের মালিকসহ দুই কর্মচারী টিনের চাল ও দেয়ালের নিচে চাপা পড়েন।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
মতামত দিন