ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে, লড়াইয়ে পাঁচ প্রার্থী
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোনো কোনো কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই লম্বা লাইন তৈরি হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ভোটগ্রহণ নির্ধারিত সময়ে শুরু হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন আছেন। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্সকে প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আসনের তিন উপজেলার মধ্যে ঠাকুরগাঁও সদরে কেন্দ্র ১১৩টি, নতুন গঠিত রুহিয়ায় ৩৩টি এবং ভুল্লীতে ৩৯টি। আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন, যাদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।
উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলেন ছয়জন। ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাইয়ে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। এখন মাঠে আছেন পাঁচজন। বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেনকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। বাকি তিনজন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়, যার প্রেক্ষিতে এই উপনির্বাচন।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে জয়ী হন। জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট, আর ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম পান ৩ হাজার ৮৩৩ ভোট। আজকের ভোটের মধ্য দিয়ে আসনটির নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।
মতামত দিন