এফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসব চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার একটি বিরতি রাখা হয়েছে। এবারের নির্বাচনে চলচ্চিত্র অঙ্গনের মোট ৫৭৩ জন ভোটার তাদের নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এফডিসিজুড়ে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনীর পাশাপাশি এফডিসি প্রাঙ্গণে তৎপর রয়েছেন র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি শক্তিশালী প্যানেলের মধ্যে। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলটির নেতৃত্বে আছেন শিবা শানু ও জয় চৌধুরী।
আরমান-মুক্তি পরিষদ থেকে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। এই প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে খল অভিনেতা কামরুজ্জামান কমল। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদের জন্য এই প্যানেল থেকে লড়ছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।
এদিকে শিবা সানু-জয় চৌধুরী পরিষদ থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডি এ তায়েব ও রোজিনা। এই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রার্থী হয়েছেন। এই পরিষদের কার্যকরী সদস্য পদের প্রার্থীরা হলেন আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু ও কাবিলা।
চলচ্চিত্র শিল্পী সমিতির এই গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।
এছাড়া নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের আইনি বা প্রাতিষ্ঠানিক জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
মতামত দিন