ব্যালট বাক্সে আগুন, টাঙ্গাইলে এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
টাঙ্গাইলে ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুই আনসার সদস্য আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
রোববার ( ৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, “দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে পুরুষ ওয়ার্ডের তিন নম্বর কক্ষ থেকে ভোটের পেপার বোঝাই একটি ব্যালট বাক্স বাইরে নিয়ে তাৎক্ষণিক আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্স পুড়ে যায়। বাক্সে প্রায় তিনশো ভোটের পেপার ছিল। পরে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা ব্যালট উদ্ধারে ৫ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় দুই আনসার সদস্য আহত হন।”
তিনি আরও বলেন, “এঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বাড়তি নিরাপত্তাও জোরদার করা হয়। পরে কেন্দ্রের বাকি বালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বরতরা কেন্দ্র ত্যাগ করি।”
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, “ঘটনা নিয়ন্ত্রণে ৫ রাউন্ড গুলি করা হ। এ ঘটনায় দুই আনসার সদস্য আহত হন। অভিযোগ দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে