Views Bangladesh Logo

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘাত, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ আর তিনটি আসনে লাঙ্গলের প্রার্থীদের বর্জনের ঘোষণার মধ্যে দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এখন ফলাফল ঘোষণার পালা।

আজ রোববার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কিছু কেন্দ্রে ভোটারদের লাইন থাকায় তাদের ভোট নেওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোটগ্রহণ কার্যক্রম শেষ করা হবে।

বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯ আসনের ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে স্থগিত হয় সাতটি। এর মধ্যে বিকেল ৩টা পর্যন্ত ২৭.১৫% ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।

আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দেওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা শেষ সময়ে বাতিল করে নির্বাচন কমিশন।

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করে ইসি। ফলে ২৯৯ আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিকেল ৩টা পর্যন্ত ২৭.১৫% ভোট পড়েছিল। এখন চলবে কেন্দ্রভিত্তিক ভোট গণনা। কেন্দ্রে ফলাফল ঘোষণা করবেন প্রিজাইডিং কর্মকর্তা। এরপর রিটার্নিং অফিসার আসনভিত্তিক একীভূত ফলাফল ঘোষণা করবেন। সারা দেশের আসনভিত্তিক ফলাফল নির্বাচন কমিশনে স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ কেন্দ্র থেকে পরবর্তীতে ইসি সচিব ঘোষণা করবেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট এবং ভোটারদের কেন্দ্রে অবাধে যাতায়াত নিশ্চিত করতে মাঠপর্যায়ে ছিল পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের আট লাখ সদস্য। ভোটগ্রহণের কাজে নিয়োজিত ছিলেন আট লাখ কর্মকর্তা-কর্মচারী। এছাড়া এক লাখ কর্মকর্তা-কর্মচারী স্ট্যান্ডবাই ছিলেন। তিন হাজার ম্যাজিস্ট্রেট ও বিচারক ছিলেন মাঠপর্যায়ে।

ভোটের সর্বশেষ আপডেট জানার জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপস চালু করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো জায়গা থেকে সহজেই ভোটের ফলাফল জানা যাবে। গুগল প্লেস্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

২৯৯ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,০২৪টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ এবং নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯। এছাড়া দেশজুড়ে এবার তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৮৪৯ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ