Views Bangladesh Logo

ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুন্দর ও স্বাভাবিক রয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুন্দর ও স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন সালাহউদ্দিন আহমদ। চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি নিজের ভোট প্রদান করেন।

এ সময় তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরাও একই কেন্দ্রে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইতিহাসের বাকবদল শুরু হয়েছে; আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিলাম। মানুষ এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন এবং আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, সেই স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, এর আগে কক্সবাজার-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ