ভোটগ্রহণের সময় শেষ, ফলাফলের অপেক্ষা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এর ভোটগ্রহণের সময় শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ছিল ভোটগ্রহণের সময়। এখন অপেক্ষা ভোট গণনা ও ফলাফলের।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, দেশের ৪২,৬৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটও যথাযথভাবে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। দেশে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৬ লাখ ৪৮ হাজার জন।
ভোটগ্রহণের সময় কিছু কেন্দ্রে ছোটখাটো বিশৃঙ্খলা এবং সংঘর্ষের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি।
ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে গণনা শুরু হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ নিয়মে ব্যালট গণনা করছেন।
নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে গণনা কার্যক্রম চলছে এবং ভোটের ফলাফল সুষ্ঠু ও স্বচ্ছভাবে ঘোষণা করা হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ গ্রহণ করবে।
রাজনৈতিক দলগুলোও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেছে এবং সুষ্ঠু নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জনগণও উৎসাহীভাবে গণনা পর্যবেক্ষণ করছেন এবং নতুন সরকার গঠনের আশায় অপেক্ষা করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে