রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
দীর্ঘ ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন সংসদ সদস্যরা।
ভোট দিতে এরই মধ্যে সংসদ ভবনে প্রবেশ করেছেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংসদে উপস্থিত হয়েছেন।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় ভোটের সংখ্যাগত সমীকরণে মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ করা হচ্ছে। সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল নিজেও ভোট দিতে পারবেন। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদের ভোট দেওয়ার সুযোগ নেই।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টার পর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। পরে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে গত ২৪ জুলাই আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর পরপর সাতটি নির্বাচনে বিরোধী কোনো প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। এবার অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতায় থাকায় প্রায় ৩৫ বছর পর আবারও সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে। নির্বাচনের ফল ঘোষণার পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
মতামত দিন