মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন নেওয়া নিয়ে যে ভুল–বোঝাবুঝি তৈরি হয়েছিল, তা সংশোধনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার, প্রার্থী, তাদের এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মুঠোফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষে কোনো ধরনের ছবি তোলা যাবে না।
সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি এ কথা বলেন। ইসি সচিব জানান, আগের পরিপত্রে বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করা না যাওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। সে কারণে পরিপত্র সংশোধন করা হচ্ছে, যাতে আর কোনো দ্বিধা না থাকে।
তিনি আরও বলেন, পোলিং এজেন্ট, পোলিং অফিসার ও অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারদের কাছে মুঠোফোন থাকবে না। তবে সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মুঠোফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
ইসি সচিব জানান, নির্বাচন–সংশ্লিষ্ট কাজে এখন পর্যন্ত ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক দেশে এসেছেন। এর মধ্যে ৬০ জন এসেছেন ইসির আমন্ত্রণে, ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি এবং প্রায় ১৫০ জন ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক।
ভোট গণনার বিষয়ে তিনি বলেন, ফলাফল ঘোষণায় অযৌক্তিক বিলম্বের কোনো কারণ নেই এবং তিন থেকে পাঁচ দিন লাগার আশঙ্কাও নেই। ব্যালট গণনা শেষ হলেই ফল ঘোষণা করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে