স্থানীয় সরকার নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের জন্য আগ্রহী ব্যক্তিরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ লক্ষ্যে সারাদেশের উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এই সময়সীমা নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা নেওয়া হবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনপত্র ইস্যুর শেষ সময় ৯ সেপ্টেম্বর এবং দাখিল করা আবেদনসমূহ নিষ্পত্তির চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।
নির্দিষ্ট সময়ের মধ্যে আসা স্থানান্তর আবেদনগুলো গুরুত্বের সাথে নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের তাগিদ দিয়েছে কমিশন।
আগামী নভেম্বর থেকে কয়েক ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
হালনাগাদ তথ্যানুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
মতামত দিন