Views Bangladesh Logo

নির্বাচনে ভোটার উপস্থিতির হারই একমাত্র বিবেচ্য বিষয় নয়: ইইউ পর্যবেক্ষক প্রধান

সদ্য সমাপ্ত ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ হয়েছে কি না, তা বোঝার জন্য ভোটার সংখ্যাই সব নয় বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষণ মিশন।

​মিশনের প্রধান আইভার্স আইজাবস বলেন, “অংশগ্রহণমূলক মানে সব রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা, যারা নির্বাচনে নিজেদের স্বার্থ প্রকাশ করতে চায়। তাই অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলার সময় কেবল ভোটার উপস্থিতির হারই একমাত্র বিবেচ্য বিষয় নয়।”

​শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান—নির্বাচন কমিশনের ঘোষিত ভোটের হারের মাধ্যমে সব মত ও পথের মানুষের অংশগ্রহণ এই নির্বাচনে বোঝায় কি না? জবাবে এমন মনোভাব তুলে ধরেন আইভার্স আইজাবস।

তিনি বলেন, “এই নির্বাচনে আমরা যা পর্যবেক্ষণ করেছি তা হলো—এটি ‘অত্যন্ত প্রতিযোগিতামূলক’ ছিল এবং ২ হাজার প্রার্থীর উপস্থিতিতে ভোটারদের সামনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ ছিল ব্যাপক। সেই অর্থে আমি মনে করি, এই নির্বাচন বাংলাদেশি গণতন্ত্রের জন্য সত্যিই একটি অগ্রগতির পথ।”

​ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান আরও বলেন, “ভোটার উপস্থিতির বিষয়ে আমরা সবাই জানি যে, বাংলাদেশে ঐতিহাসিকভাবে এটি কখনো বেশি, আবার কখনো কম হয়েছে। সেই অর্থে আমরা দেখছি যে, এই বিশেষ ফল মোটামুটি মাঝামাঝি অবস্থানে রয়েছে। আমরা ভোটার উপস্থিতিকে কেবল শতাংশের দিক থেকে দেখছি না।”

​এ সময় আরেক সাংবাদিক জানতে চান, আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন কতটা ‘অংশগ্রহণমূলক’ হলো। জবাবে আইজাবস বলেন, “রাজনৈতিক প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাদ দেওয়ার বিষয়ে যে প্রশ্নটি করা হয়েছে, তা নিয়ে আমি এভাবে বলতে পারি—আমরা এখানে নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছি। আমাদের আগ্রহের বিষয় হলো নির্বাচনের প্রক্রিয়া।”

​তিনি আরও যোগ করেন, “এর বাইরে ‘ট্রানজিশনাল জাস্টিস’ বা রূপান্তরমূলক বিচার ব্যবস্থা অনেক দেশের জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক এবং সংবেদনশীল বিষয়। এর মধ্যে অনেক ইউরোপীয় দেশও রয়েছে। তবে অবশ্যই নির্বাচন হলো সামনে এগিয়ে যাওয়ার পথ।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ