Views Bangladesh Logo

ভোট পুনর্গণনার দাবিতে উত্তাল রংপুর, ডিসি কার্যালয় ঘেরাও

রংপুর-৩, ৪ ও ৬ আসনের ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী ডিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের' মাধ্যমে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তারা ফলাফল বাতিল করে পুনরায় ভোট গণনার দাবি জানান এবং ডিসির ভূমিকার সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু এবং রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা। এর আগে শনিবার একই দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় ফলাফল প্রভাবিত করা হয়েছে। রংপুর-৩ আসনের প্রার্থী শামসুজ্জামান সামু দাবি করেন, প্রশাসনিক হস্তক্ষেপে তিনটি আসনের ফল বদলে দেওয়া হয়েছে। রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, পুনর্গণনার মাধ্যমে যে ফল আসবে, তা তিনি মেনে নেবেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, কেন্দ্রভিত্তিক ফলাফল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সমন্বয় করে সফটওয়্যারভিত্তিক পদ্ধতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। সব কেন্দ্রের ফলাফল যাচাই-বাছাই শেষে গেজেট প্রকাশ করা হয়েছে। তিন আসনের প্রার্থীদের পুনর্গণনার আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ঘোষিত ফল অনুযায়ী, রংপুর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মাহবুবার রহমান বেলাল ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জামান সামু পেয়েছেন ৮৫ হাজার ৪৯৮ ভোট। জাতীয় পার্টির জিএম কাদের তৃতীয় হয়েছেন ৪৩ হাজার ৭৯০ ভোট পেয়ে।

রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আক্তার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।

রংপুর-৬ আসনে জামায়াতের নুরুল আমিন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে; তিনি পেয়েছেন ১ হাজার ২৮৭ ভোট।

ভোট পুনর্গণনার আবেদনগুলোর বিষয়ে এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ