দেশের বাজারে উন্মুক্ত হলো ভিভো ভি৮০ লাইট ৫জি
কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, স্কাইলাইন ক্যামেরা নকশা ও বড় ব্যাটারি নিয়ে বাংলাদেশের বাজারে উন্মুক্ত হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন ‘ভি৮০ লাইট ৫জি’। নকশার পাশাপাশি শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা এবং পানি ও ধুলা প্রতিরোধের সুবিধা থাকায় ফোনটি প্রিমিয়াম সেগমেন্টের ক্রেতাদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে।
ভিভোর ‘স্লে এভরি এজ’ ধারণাকে সামনে রেখে তৈরি ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডুয়াল-কার্ভড ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এই পর্দায় সর্বোচ্চ ২ হাজার নিট এইচবিএম উজ্জ্বলতা পাওয়া যাবে। ফোনটির পেছনে রয়েছে আলাদা নকশার স্কাইলাইন ক্যামেরা মডিউল। সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু, এই দুই রঙে পাওয়া যাবে ডিভাইসটি।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর। ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম, যা এক্সটেন্ডেড র্যাম সুবিধার মাধ্যমে আরও বাড়ানো যাবে। স্টোরেজের ক্ষেত্রে ক্রেতাদের জন্য ১২৮ জিবি ও ২৫৬ জিবি, দুটি সংস্করণ রাখা হয়েছে।
ফটোগ্রাফির জন্য ভি৮০ লাইট ৫জি-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা। সেলফি ও গ্রুপ ছবি তোলার জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা সেটআপের মাধ্যমে বিশেষ করে কম আলো ও পোর্ট্রেট ছবি তোলার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্যাটারি সক্ষমতার দিক থেকেও ফোনটিতে রয়েছে বড় আপগ্রেড। এতে ব্যবহার করা হয়েছে ৭০৫০ এমএএইচ ক্ষমতার ব্লু-ভোল্ট ব্যাটারি। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় ধুলা ও পানির সংস্পর্শ থেকে ফোনটির সুরক্ষার সক্ষমতাও রয়েছে।
বাংলাদেশের বাজারে ভি৮০ লাইট ৫জি-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। ক্রেতারা সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধাও পাবেন।
মতামত দিন