Views Bangladesh Logo

ডিজিটাল পেমেন্ট নিয়ে আলোচনায় বাংলাদেশে ভিসার শীর্ষ কর্মকর্তা

বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে দেশের ক্রমবর্ধমান গুরুত্বকে সামনে রেখে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত তাঁর এই সফরে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, আর্থিক প্রযুক্তি ও ডিজিটাল বাণিজ্যের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হবে।

সফরে স্টিফেন কারপিনের সঙ্গে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি। সফরকালে সরকারি কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রযুক্তি বা ফিনটেক কোম্পানি, ব্যবসায়ী এবং বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যের পরিধি আরও বাড়ানো, অনলাইন ও কার্ডভিত্তিক লেনদেনের নিরাপত্তা জোরদার এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট হিসেবে স্টিফেন কারপিন প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নেও কাজ করছেন। ডিজিটাল পেমেন্ট, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনকে এগিয়ে নেওয়াও তাঁর দায়িত্বের অংশ।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার দ্রুত বাড়ছে। ই-কমার্সের বিস্তার, ডিজিটাল লেনদেনের প্রসার এবং আর্থিক অবকাঠামোর উন্নয়নের ফলে দেশের পেমেন্ট খাতও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও লেনদেনে প্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যবস্থা ব্যবহার করছে।

এই বাস্তবতায় বাংলাদেশের বাজারকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি সম্ভাবনাময় ও দ্রুত বিকাশমান বাজার হিসেবে দেখছে ভিসা। স্টিফেন কারপিনের সফরের মাধ্যমে বাংলাদেশের ভোক্তা, ব্যবসা ও সামগ্রিক অর্থনীতিতে ডিজিটাল পেমেন্টের ভূমিকা আরও বাড়াতে অংশীদারত্ব ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও তুলে ধরবে প্রতিষ্ঠানটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ