Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

বিশ্বখ্যাত আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান স্টিফেন কার্পিন। তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের সামনে বড় সম্ভাবনা রয়েছে। ব্যাংক হিসাবধারীদের আরও বেশি কার্ড ব্যবহারে উৎসাহিত করা এবং দেশে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতেও বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, দ্রুত ও ব্যবহারবান্ধব করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্ট। একই সঙ্গে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ের মতো জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ডের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

দেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশেও অংশ নিতে চায় ভিসা। বৈঠকে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সহজ ও নিরাপদে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে ভিসার প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি খাতে বেসরকারি খাতের অংশগ্রহণকে স্বাগত জানান এবং ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ