Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধির আশ্বাস মিলেছে: হুমায়ুন কবির

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কর্মসংস্থান এবং ভিসা সংক্রান্ত বিষয়ে দূতাবাসগুলো থেকে ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মিডল ইস্টে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসগুলোর সঙ্গে আলোচনা করেছি। তারা ভিসা এক্সটেনশনের নিশ্চয়তা দিয়েছেন। সব ক্ষেত্রে সরকারের আন্তরিকতা ও চেষ্টার কোনো কমতি নেই।

উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, এই সরকার জনগণের সরকার। তাই বাংলাদেশের নাগরিকরাই সরকারের দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছেন। যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচিত সরকার শক্ত ভিত্তির ওপর দাঁড়ানো এবং যেকোনো ক্রাইসিসে দেশের সবকিছু সাস্টেইনেবলভাবে স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

উপদেষ্টা উল্লেখ করেন, জ্বালানি খাত বৈচিত্র্যকরণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ যুদ্ধ-প্রভাবিত অঞ্চলে থাকা নাগরিকদের সঙ্গে এবং সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

প্রয়োজনে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতিও রয়েছে। অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে সহযোগিতা নিশ্চিত করার কথাও তিনি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ