Views Bangladesh Logo

‘২ কোটি টাকা দেন’ বলা পিডিবির প্রকৌশলী সাময়িক বরখাস্ত

ঠিকাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার আহমেদের সই করা এক চিঠিতে সোমবার তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১ (১) বিধির অধীনে নুরুল আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে রোববার রাতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় আট মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে নুরুল আমিনকে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারদের বিল ও আর্থিক লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায়। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, একটি বিলের জন্য তিনি দুই কোটি টাকার কমে রাজি হবেন না। এ ছাড়া একটি প্রকল্পে মালামাল কেনাকাটা ও আত্মসাতের হিসাব তুলে ধরে তিনি পাঁচ কোটি টাকা থেকে দুই কোটি টাকা দেওয়ার কথা বলছেন।

ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে তাকে নগদ টাকা নিতেও দেখা যায়। তবে ওই ব্যক্তিরা ক্যামেরার আড়ালে থাকায় তাদের মুখ দেখা যায়নি। ভিডিওতে টাকা নিয়ে তাদের সঙ্গে তার কথোপকথনও শোনা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার সকালে ও দুপুরে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সূত্রের বরাতে জানা গেছে, সোমবার ভোরে তিনি কার্যালয়ে প্রবেশ করলেও কিছুক্ষণ পর বের হয়ে সরকারি বাসভবনে অবস্থান করেন। পরে সন্ধ্যায় একটি ব্যক্তিগত গাড়িতে করে সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বক্তব্য ও দৃশ্যের বিষয়ে নুরুল আমিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় পিডিবি সাময়িক বরখাস্তের পাশাপাশি কী ধরনের পরবর্তী ব্যবস্থা নেয়, তা তদন্ত ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ