Views Bangladesh Logo

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নগরকান্দার ভূমি কর্মকর্তা বদলি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সারোয়ার হোসেনকে ঘুষ গ্রহণের অভিযোগে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অর্থ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী সারোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জেলা প্রশাসকের কার্যালয়েই দায়িত্ব পালন করবেন।

নগরকান্দা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই অফিস চলাকালে এক সেবাগ্রহীতার কাছ থেকে অর্থ গ্রহণের একটি ভিডিও ধারণ করা হয়। পরে ২৭ জুলাই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে সারোয়ার হোসেনকে টাকা গ্রহণের পর বলতে শোনা যায়, ‘এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে।’

অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৮ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, অভিযুক্ত কর্মকর্তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তার আচরণে সরকারি সেবার প্রতি জনআস্থা ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস বলেন, উপজেলা প্রশাসনের সুপারিশের ভিত্তিতে সারোয়ার হোসেনকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

এর একদিন আগেই ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ