Views Bangladesh Logo

কুকুর নির্যাতনের ভাইরাল ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুড়ে ফেলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার (২৭ জুন) নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন জানান, ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নরসিংদীর কামারগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয় এবং সর্বস্তরে তীব্র সমালোচনার জন্ম দেয়।

এরপর বৃহস্পতিবার নিজ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার ঘটনাটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্থানীয় এক নারী কুকুরটিকে লালন-পালন করতেন। অভিযোগ রয়েছে, কয়েক দিন আগে কুকুরটি মাটিতে গর্ত করায় ক্ষুব্ধ হয়ে মোহাম্মদ আলী তার গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন।

পুলিশ জানিয়েছে, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ