ভাইরাল সেই বিউটি রাণীই পেলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে হাঁটার ভিডিও প্রকাশ করে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল। সেই শিক্ষকই এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বাছাই প্রক্রিয়ায় জেলা পর্যায়ে চারজন শিক্ষককে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত একটি স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তালিকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত অন্য তিন শিক্ষক হলেন- সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
এর আগে গত ২৩ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন বিউটি রাণী পাল। নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটার ওই ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও ট্রলের শিকার হন তিনি।
ঘটনার প্রতিবাদে পরে দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা ভিন্নধর্মী উদ্যোগ নেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একই গান ব্যবহার করে ভিডিও প্রকাশের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানান। এতে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়।
সমালোচনার ওই সময় পাশে থাকার জন্য দেশবাসী, পরিবার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন বিউটি রাণী। সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা-সমালোচনার মধ্যেই এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার খবর সামনে এলো।
এর আগেও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এ সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন বিউটি রাণী পাল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।
মতামত দিন