Views Bangladesh Logo

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে ভিআইপি, সিআইপি কিংবা সাধারণ যাত্রী—সবার জন্য একই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে সরকার। কোনো ব্যক্তি বা শ্রেণিকে নিরাপত্তা তল্লাশি থেকে অব্যাহতি দেওয়া যাবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএসসি) প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। একই সঙ্গে কমিটির আগের সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) আসন্ন নিরাপত্তা নিরীক্ষা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিরীক্ষায় সন্তোষজনক ফল নিশ্চিত করতে আইসিএওর নির্ধারিত সব নিরাপত্তা মানদণ্ড শতভাগ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ ও উন্নত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি ড্রোন প্রযুক্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা কার্যক্রমে কোনো বিঘ্ন এড়াতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত স্ক্যানার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম মজুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় দেশের বিমান নিরাপত্তা আরও শক্তিশালী করতে বিভিন্ন সংস্থার মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জাতীয় বিমান নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা জোরদার এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় যানজট, অননুমোদিত জনসমাগম, ভিক্ষাবৃত্তি ও অবৈধ লাগেজ মোড়ানোর কার্যক্রম বন্ধে ক্যাব, এপিবিএন, পুলিশ, আনসার ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যাত্রীসেবার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ