Views Bangladesh Logo

বগুড়ায় সহিংসতা: কিশোর হত্যা, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

বগুড়ায় দুই দিনের ব্যবধানে পৃথক ঘটনায় এক কিশোরের মরদেহ উদ্ধার এবং এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ১৬ বছর বয়সী আলিফ ও ১৯ বছর বয়সী ফাহিম হাসান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের মাটিডালি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফাহিম। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফাহিম সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকার আব্দুর রশিদের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, তন্ময় নামে এক যুবক দীর্ঘদিন ধরে ফাহিমের বোনকে উত্ত্যক্ত করছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার বিরোধ ও মীমাংসা হলেও শনিবার সকালে সুযোগ পেয়ে তন্ময় ফাহিমকে ছুরিকাঘাত করেন। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিশিন্দারা এলাকার একটি গ্যারেজ থেকে কিশোর আলিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আলিফ বৃন্দাবনপাড়া এলাকার রিপন শাহের ছেলে। তিনি বাবার সঙ্গে ওই গ্যারেজে গাড়ি মেরামত ও পরিষ্কারের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে গ্যারেজেই অবস্থান করছিলেন তিনি। পরদিন সকালে তার মরদেহ পাওয়া যায়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ফাহিম হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি; তবে পরিবারের পক্ষ থেকে শিগগিরই এজাহার দেওয়া হবে। অভিযুক্ত তন্ময়কে আটকের চেষ্টা চলছে। আলিফ হত্যার ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ