মার্চে নারী নির্যাতনের চিত্র উদ্বেগজনক: হত্যা ৪৭, ধর্ষণ ৫৭
চলতি বছরের মার্চ মাসে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে দেখা গেছে, মার্চ মাসে ৪৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের শিকার হয়েছেন ৫৭ জন।
সংগঠনটি জানিয়েছে, জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। মার্চে মোট ১৯০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
ধর্ষণের ৫৭টি ঘটনার মধ্যে ১৪টি ছিল দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর পাঁচজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ছয়জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং ১২ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন।
হত্যার ঘটনায় আট জন কন্যাশিশুসহ মোট ৪৭ জন নারী নিহত হয়েছেন। পাশাপাশি ১৭ জনের রহস্যজনক মৃত্যুর ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে।
অন্যান্য সহিংসতার মধ্যে রয়েছে— একজন নারী এসিডে দগ্ধ হয়েছেন, তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন যার মধ্যে একজন মারা গেছেন। যৌতুকের জন্য পাঁচজন নির্যাতিত ও তিনজন নিহত হয়েছেন। পারিবারিক সহিংসতায় দুজন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং একজন গৃহকর্মী খুন হয়েছেন।
এ ছাড়া মার্চে ১৪ জন নারী ও কন্যাশিশু আত্মহত্যা করেছেন, যার মধ্যে পাঁচজন প্ররোচিত আত্মহত্যার শিকার। অপহরণ বা অপহরণচেষ্টার শিকার হয়েছেন দুই কন্যাশিশুসহ মোট পাঁচজন।
সামগ্রিকভাবে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা পরিস্থিতি গভীর উদ্বেগের জায়গায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের দ্রুত বিচার ও সহায়তা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে