Views Bangladesh Logo

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করতে হবে: ইউনিসেফ

 VB  Desk

ভিবি ডেস্ক

সম্প্রতি বাংলাদেশে শিশুদের ওপর নির্মম সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে।

শনিবার (২৩ মে) এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, দেশের বিভিন্ন স্থানে ছেলে ও মেয়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। সংস্থাটি বিশেষভাবে উদ্বেগ জানিয়ে বলেছে, যেসব স্থান শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, সেখানেই তারা সহিংসতার শিকার হচ্ছে। নিহত শিশু ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে ইউনিসেফ।

বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালে এখন পর্যন্ত বাংলাদেশে নারী ও শিশুর বিরুদ্ধে নৃশংস ও যৌন সহিংসতার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে শিশু সুরক্ষা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সারাদেশে কার্যকর পদক্ষেপ আরও জোরদার করতে হবে।

দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে হবে উল্লেখ করে সংস্থাটি প্রতিরোধমূলক ব্যবস্থা, অভিযোগ প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশিং ও বিচারব্যবস্থা, কমিউনিটি সুরক্ষা এবং সামাজিক সেবায় বিদ্যমান ঘাটতি দূর করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে নারী ও শিশুদের মনোসামাজিক সহায়তা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

ইউনিসেফ বলেছে, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, আশেপাশের এলাকা এবং শিশু পরিচর্যা কেন্দ্রগুলোকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলতে হবে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সমাজে নীরবতা সহিংসতাকে আরও বিস্তার লাভ করতে সাহায্য করে। সব ধরনের সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে শিশু, নারী, পরিবার, কমিউনিটি এবং সমাজের সকল শ্রেণির মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। যাদের সহায়তা প্রয়োজন, তাদের জাতীয় শিশু হেল্পলাইন ‘১০৯৮’-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, যা শিশু ভুক্তভোগীদের তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকে।

সহিংসতার শিকার নারী ও শিশুদের মর্যাদা এবং গোপনীয়তা রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেছে ইউনিসেফ। বিবৃতিতে বলা হয়, সামাজিক মাধ্যমে তাদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা মনোবৈজ্ঞানিক নির্যাতনের একটি নতুন রূপ।

ভুক্তভোগীদের অধিকার সুরক্ষা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এ ধরনের ছবি, ভিডিও বা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি দায়মুক্তির অবসান ঘটাতে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও গণমত গঠনের ওপর জোর দেওয়া হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ