ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস
আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। দলের অন্যতম ভরসা তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মনে করেন, বর্তমান স্কোয়াড এতটাই শক্তিশালী যে তারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।
ফিফার সঙ্গে এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, জাতীয় দলে তার ভূমিকা এখন আগের চেয়ে অনেক বড়। ১৯ বছর বয়সে দলে সুযোগ পেলেও এখন তিনি দলের নেতৃত্বের অন্যতম মুখ।
তার ভাষায়, ‘আগে আমি ছিলাম উদীয়মান একজন খেলোয়াড়, এখন আমি দলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছি। ব্রাজিলকে আবার বিশ্বফুটবলের শীর্ষে নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।’
২০২২ সালের কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই স্মৃতি টেনে ভিনিসিয়ুস বলেন, দলটি তখনও শক্তিশালী ছিল, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ হয়নি।
তিনি বলেন, ফেভারিট কে—এটা গুরুত্বপূর্ণ নয়। মাঠে নিজেদের প্রমাণ করতে হবে।
২০২৫ সালের মে মাসে ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। ভিনিসিয়ুসের মতে, তার আগমন দলে বড় ইতিবাচক পরিবর্তন এনেছে।
তিনি বলেন, তিনি (আনচেলত্তি) আমার দেখা সেরা কোচদের একজন। অল্প বয়সে তার অধীনে খেলার সময় তিনি আমাকে আত্মবিশ্বাস দিয়েছিলেন। তিনি ফুটবলকে সহজ করে তোলেন এবং দলে স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেন।
ভিনিসিয়ুস জানান, আনচেলত্তির পরিকল্পনায় দলটি আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই সমান শক্তিশালী হয়ে উঠছে। খেলোয়াড়দের পজিশন বদলে খেলার স্বাধীনতা দেওয়া হচ্ছে, পাশাপাশি দলগত সমন্বয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। আধুনিক ফুটবলে ব্যক্তিগত দক্ষতার চেয়ে দলগত শক্তিই বেশি গুরুত্বপূর্ণ।
আগামী ১৩ জুন নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।
ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে ভিনিসিয়ুস বলেন, আমাদের স্কোয়াড যথেষ্ট শক্তিশালী। তবে বিশ্বকাপ খুবই কঠিন একটি টুর্নামেন্ট। ইনজুরি বা যেকোনো প্রতিকূল পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
সবশেষে তিনি বলেন, গত আসরের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার যেকোনো পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতি নিয়েই মাঠে নামবে ব্রাজিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে