Views Bangladesh Logo

ভিনিসিয়ুসকে ঘিরে দলবদলের গুঞ্জন, আর্সেনাল প্রসঙ্গে মুখ খুলল এজেন্সি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের গুঞ্জন নতুন মোড় নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে তার সম্ভাব্য যোগদান নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হলেও এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ভিনিসিয়ুসের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনাল।

সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, নতুন চুক্তি নিয়ে জটিলতার কারণে রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাকে দলে টানতে আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দলবদল নিয়ে জোরালো গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দেন রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনালের সভাপতি মাইকেল ইয়োরমার্ক। তিনি বলেন, ভিনিসিয়ুসকে নিয়ে প্রচারিত সাম্প্রতিক খবরগুলো মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

ইয়োরমার্কের ভাষ্য, কিছু সংবাদমাধ্যম কেবল প্রচারের আশায় যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশ করছে, যা খেলোয়াড়দের সুনাম ক্ষুণ্ন করছে। তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া কোনো ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় নয়।

বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, নতুন চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো কোনো সমঝোতা হয়নি।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর সম্ভাবনা বিবেচনায় আর্সেনাল তাদের বেতন কাঠামো এবং ইমেজ রাইটস সংক্রান্ত নীতিতেও নমনীয় হওয়ার বিষয়টি পর্যালোচনা করছে। তবে দুই ক্লাব বা সংশ্লিষ্ট পক্ষের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ে কোনো আলোচনা শুরু হয়নি।

সব মিলিয়ে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত থাকলেও তার প্রতিনিধিরা স্পষ্ট করে জানিয়েছেন, আর্সেনালে যোগ দেওয়ার খবরের কোনো বাস্তব ভিত্তি নেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ