জল্পনার অবসান ঘটিয়ে ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই ভিনিসিউস
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভিনিসিউস জুনিয়রের সঙ্গে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাবটি আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়নের ঘোষণা দেয়। এর ফলে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তার ইতি ঘটল।
চুক্তি নবায়নের আগে ভিনিসিউসের প্রতিনিধি দলের সঙ্গে রিয়াল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠকে আগের তুলনায় আরও উন্নত আর্থিক প্রস্তাব দেওয়া হয়। প্রায় এক বছরের বেশি সময় ধরে আলোচনায় অচলাবস্থা থাকলেও শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়। ভিনিসিউসের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ক্লাবে যোগ দেওয়া ভিনিসিউস এখন পর্যন্ত ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন। তাঁর অবদানে ক্লাবটি জিতেছে ১৪টি শিরোপা, যার মধ্যে রয়েছে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপারকোপা, একটি কোপা দেল রে, তিনটি ক্লাব বিশ্বকাপ এবং দুটি উয়েফা সুপার কাপ। ক্লাবের ভাষ্য, রিয়ালের ইতিহাসের অন্যতম সফল সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন তিনি।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, নতুন চুক্তি না হলে চলতি গ্রীষ্মেই ভিনিসিউসকে বিক্রির কথা ভাবছিল রিয়াল। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালও তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে নতুন ছয় বছরের চুক্তির মাধ্যমে সব গুঞ্জনের ইতি টেনে নিজের ভবিষ্যৎ সান্তিয়াগো বার্নাব্যুতেই নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
মতামত দিন