গ্রামবাসীর সংঘর্ষ: সিলেটের কোম্পানীগঞ্জ উত্তপ্ত
সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে দুদিনের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার বাজার পয়েন্ট সংলগ্ন স্থানে দেশি অস্ত্র হাতে সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ান দুই গ্রামের মানুষ। দফায় দফায় সংঘর্ষ ঠেকাতে পুলিশ ব্যর্থ হওয়ার পর বেলা দেড়টার দিকে সেনাবাহিনী ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুদিনের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭০ জন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, শনিবার রাতে একটি দোকানে মোবাইল চার্জ দেয়া নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলে রাত নয়টা পর্যন্ত। এসময় বেশকিছু দোকান ভাঙচুর ও গাড়িতে আগুন দেয়া হয়। রাতে আহত হন অন্তত ৫০ জন।
পরে ফের সকালে সংঘের্ষে জড়িয়ে পড়েন গ্রামবাসী। তখন আহত হন অন্তত ২০ জন। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে