Views Bangladesh Logo

রাজশাহীতে গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে ফরিদা খাতুন (৪০) নামে এক নারীর হত্যার ঘটনা ঘটেছে। নিহত ফরিদা খাতুন স্থানীয় গ্রাম পুলিশ লালন শেখের স্ত্রী। হামলায় তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁদের ছেলে মো. ফয়সাল। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী পরশ (১৮)–কে ঘিরে একটি আলোচনা থেকে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। এরপর পরশ কয়েকজনকে নিয়ে ফরিদাদের বাড়িতে এসে হামলা চালায়। হামলার সময় ফরিদা খাতুনকে ছুরিকাঘাত করা হয় এবং মাকে রক্ষা করতে গেলে ছেলে ফয়সালও আহত হন।

হাসপাতাল সূত্র জানায়, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত তাঁর মরদেহ কলেজের মর্গে ছিল।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত পরশের পরিবারের তিনতলা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর আগেই পরিবারের সদস্যরা সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় নিহতের স্বামী লালন শেখ বাদী হয়ে কাটাখালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান জানান, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, মামলার প্রধান আসামি পরশ এর আগে মাদক মামলায়ও গ্রেপ্তার হয়েছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ