Views Bangladesh Logo

বিচ্ছেদের মামলা প্রত্যাহারের পর তৃষার রহস্যময় বার্তায় নতুন গুঞ্জনে বিজয়

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তারকা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সাংসারিক জীবন নিয়ে গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। তার স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গম আদালতে দাখিল করা বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নেওয়ার পরপরই বিষয়টি ফের আলোচনায় চলে আসে। ঠিক এই সময়ে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু ধোঁয়াশাপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয় নতুন জল্পনা।

গত ৭ আগস্ট তামিলনাড়ুর চেঙ্গলপট্টু পারিবারিক আদালতে ভার্চুয়ালি হাজির হয়ে সংগীতা জানান, তিনি আর বিচ্ছেদ প্রক্রিয়া এগিয়ে নিতে চান না। বিজয়ের পক্ষের আইনজীবীও এতে আপত্তি না তোলায় আদালত তার আবেদন মঞ্জুর করেন। যদিও দীর্ঘদিনের এই সম্পর্কভাঙার মামলা কেন হঠাৎ প্রত্যাহার করা হলো, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আদেশে দেওয়া হয়নি; ভবিষ্যতে চাইলে ফের আবেদনের সুযোগও খোলা রাখা হয়েছে।

এই ঘটনার পরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে তৃষার দুটি পোস্ট আলোচনার জন্ম দেয়। একটি পোস্টে তিনি মন্তব্য করেন, ‘এই বয়সে এসে এমন নাটক দেখা সত্যি লজ্জাজনক, তার চেয়ে বরং কিছু অর্থ উপার্জন করুন এবং শান্তিতে থাকুন।’অন্য পোস্টে তিনি লেখেন, ‘যে জীবনের জন্য একদিন আপনি প্রার্থনা করেছিলেন, সেই জীবনেই আজ ভেসে থাকার সুযোগ পাওয়াটা কত বড় অধিকারের বিষয়।’ কোনো পোস্টেই সরাসরি নাম বা প্রসঙ্গ উল্লেখ না থাকলেও সময়ের মিল থাকায় নেটদুনিয়ায় তা নিয়ে নানা জল্পনা শুরু হয়।

আসলে বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়, বহুদিন ধরেই এই আলোচনা চলে আসছে, তবে দুজনের কেউই কখনো প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিচ্ছেদের আবেদন করার সময় সংগীতা অভিযোগ করেছিলেন, বিজয়ের সঙ্গে এক অভিনেত্রীর ঘনিষ্ঠতা রয়েছে; যদিও আদালতের নথিতে সেই অভিনেত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। তামিল চলচ্চিত্র অঙ্গনে অবশ্য দীর্ঘদিন ধরেই এই আলোচনায় তৃষার নাম যুক্ত হয়ে আসছে। এছাড়া চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি, বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন বিজয়ের বাসভবনে তৃষার যাওয়া এবং মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তার হাজির থাকা নিয়েও আগে আলোচনা হয়েছিল।

তবে এসব জল্পনার মধ্যেও নিজের পারিবারিক জীবনের আনন্দঘন মুহূর্ত উদযাপনে ব্যস্ত তৃষা। সম্প্রতি ঠাকুমার ৯৮তম জন্মদিন উপলক্ষে পরিবারের সঙ্গে কাটানো সময়ের ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে রুপালি পর্দায় বিজয় ও তৃষার জুটি বরাবরই দর্শকপ্রিয়—‘গিলি’, ‘তিরুপাচি’, ‘কুরুভি’ ও ‘লিও’র মতো একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তারা। ফলে বাস্তব জীবনে এই সম্পর্ক নিয়ে নতুন কোনো ইঙ্গিত মিলছে কি না, তা নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ