দুর্নীতির দায়ে ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে ১৮ বছরের কারাদণ্ড
ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এনগুইয়েন থান লংকে ১৮ বছর কারাবাসের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। করোনা মহামারির সময় টেস্টিং কিট ক্রয়-সংক্রান্ত দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে এ রায় দিলেন দেশটির আদালত।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এনগুইয়েনের বিরুদ্ধে অভিযোগ, করোনা মহামারির সময়ে বিভিন্ন কোম্পানিকে টেস্টিং কিট আমদানির অনুমোদনের বিনিময়ে তিনি ২২ লাখ ৫০ হাজার ডলার ঘুষ নিয়েছিলেন। আদালতে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার রায় ঘোষণার সময় এজলাসে উপস্থিত ছিলেন এনগুইয়েন। রায় ঘোষণার পর কারাগারে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি দোষ করেছি। আমি অনুতপ্ত।’
প্রসঙ্গত, গত বছর থেকে দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভিয়েতনামের সরকার। এ অভিযানে ইতোমধ্যে শতাধিক সাবেক ও বর্তমান মন্ত্রী-সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই তালিকায় আছেন ভিয়েতনামের সাবেক প্রধানমন্ত্রী এনগুইয়েন সুয়ান ফুকও।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে