চট্টগ্রামে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হাঁটার ভিডিও ভাইরাল
চট্টগ্রাম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে এক যুবকের অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৭ সেকেন্ডের ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক পিস্তল বের করে কারখানার দিকে গুলি ছুড়ছেন এবং পরে সড়ক ধরে হাঁটতে হাঁটতে আবারও গুলি করছেন।
স্থানীয় সময় গত শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইয়ুনেস্কো পোশাক কারখানার সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। কিছুক্ষণ পর গোলাপি টি–শার্ট পরা ওই যুবক কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন এবং পরে একইভাবে গুলি করতে করতে সামনে এগিয়ে যান।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও শিল্পপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ সক্রিয় রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং একটি পক্ষ থেকে হুমকির অভিযোগও ওঠে।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা হচ্ছে না।
মতামত দিন