ধানমন্ডিতে যুবককে মারধরের ভিডিও ভাইরাল,হয়নি মামলা
রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোডের ভূতের গলিতে সাইফ হোসেন মুন্না নামে এক যুবকের ওপর হামলার একটি ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। হামলায় গুরুতর আহত মুন্নাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে। হামলার সময়কার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। জানা গেছে, সাইফ হোসেন মুন্না কলাবাগান ওয়ার্ডের বিএনপির একজন কর্মী।
সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ ঘটনাটি নিশ্চিত করেছেন।
সিসিটিভি ফুটেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজ শেষে বাসায় ফেরার পথে এক ব্যক্তি সাইফ হোসেন মুন্নার পথ আটকায়। এ সময় মোটরসাইকেলে করে আরও দুইজন ঘটনাস্থলে আসে, পরে আরেকটি মোটরসাইকেলে আরও একজন সেখানে যোগ দেয়। শুরুতে একজন হামলাকারী মুন্নাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। ওই হামলাকারী কালো পাঞ্জাবি ও হেলমেট পরা ছিলেন।
জানা গেছে ধারালো অস্ত্রের আঘাতে মুন্নার হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। হামলার পর দুর্বৃত্তরা তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারিক লতিফ জানান, “এটি এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি ঘটনার অংশ বলে মনে হচ্ছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পুলিশ তদন্তে কাজ করছে। অভিযোগ দায়ের হলে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে