গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বামী-শ্বশুর গ্রেপ্তার
পটুয়াখালীর দশমিনায় লিপি আক্তার (২৭) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (১০ জুন) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভুক্তভোগীর দায়ের করা মামলায় অভিযুক্ত স্বামী শাহ জামাল (৩৫) ও শ্বশুর মোসলেম মৃধাকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইঞ্জিনচালিত একটি টমটমের ওপর লিপি আক্তারের হাত-পা বেঁধে তাকে মারধর করা হচ্ছে। একপর্যায়ে কয়েকজন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করলে অভিযুক্তদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়, যা হাতাহাতিতে রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপে টমটমটি থামানো হয় এবং অভিযুক্তদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। গুরুতর আহত লিপি আক্তারকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা হেলাল মৃধা বলেন, 'ওই নারীর চিৎকার শুনে আমরা কয়েকজন এগিয়ে গিয়ে টমটমটি থামাই। এ সময় শাহ জামাল ও তার বাবা মোসলেম মৃধা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারধর করেন। এতে আমার মাথায় আঘাত লাগে।'
ভুক্তভোগী লিপি আক্তার বলেন, 'আমার দুই ছেলে ও তিন মেয়ে সন্তান রয়েছে। আমাদের রেখে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর থেকেই তিনি ও আমার শ্বশুর আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।'
দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকে শাহ জামাল প্রথম স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। বুধবারও তাকে মারধর করে হাত-পা বেঁধে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে এবং ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা হয়েছে।

মতামত দিন