স্কুলছাত্রীকে লাথির ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনার শিকার ওই ছাত্রীকেই স্কুল চলাকালে বাইরে থাকার কারণ দেখিয়ে টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রায় এক মাস আগে শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়েতে যাওয়ার সময় পেছন থেকে এক কিশোর তাকে পরপর দুইবার লাথি মারে। ঘটনাটি মুঠোফোনে ধারণ করা হয়। পরে বৃহস্পতিবার ভিডিওটি ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, স্কুলড্রেস পরা দুই ছাত্রী ওয়াকওয়ে দিয়ে হাঁটছিল। এ সময় একটি ছেলে পেছন থেকে এক ছাত্রীকে লাথি মারে। মেয়েটি প্রতিবাদ করলে তাকে আবারও লাথি দেওয়া হয়।
এ ঘটনার পর অভিযুক্ত কিশোরকে স্থানীয়ভাবে সালিশে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও-ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে ঘটনার জন্য ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন কাজ না করার কথা বলতে শোনা যায়।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, স্কুলের সময় বাইরে ঘোরাফেরা করার কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ তার মেয়েকে টিসি দিয়েছে।
তিনি জানান, তাদের আর্থিক অবস্থা ভালো নয়। ফলে মেয়েকে অন্য স্কুলে ভর্তি করানো নিয়েও তাঁকে নতুন করে চিন্তায় পড়তে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। তাঁর দাবি, ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে এবং স্থানীয়ভাবে এর বিচার হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মতামত দিন