Views Bangladesh Logo

ঘুষের টাকা গোনার ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত ভূমি কর্মকর্তা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঘুষের টাকা গুনে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের স্বাক্ষরিত অফিস আদেশে রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অসদাচরণ ও দুর্নীতিসংক্রান্ত ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বোয়ালমারীর সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ একজন সেবাগ্রহীতার কাছ থেকে ৫০০ টাকার ১০টি নোট নিয়ে গুনছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেয়।

তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইমরান শেখ। তার দাবি, ভিডিওতে দেখা অর্থ ঘুষের নয়, বরং এক আত্মীয়কে ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার দৃশ্য। তিনি আরও দাবি করেন, ভিডিওটি কয়েক মাস আগের।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ভিডিওটি প্রকাশের পরই জেলা প্রশাসন সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ