Views Bangladesh Logo

লকআপে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, দুই পুলিশ প্রত্যাহার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতখানায় বসেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির অভিযোগে আটক ১০ কিশোর-তরুণের ওই স্লোগানের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ‘আজমেরী ওসমান’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ঘটনাটি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে, পুলিশি হেফাজতে থাকা ব্যক্তিরা হাজতখানার ভেতরে কীভাবে মুঠোফোন পেলেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাজতখানার ভেতরে থাকা এক তরুণ কিছু বক্তব্য দেওয়ার পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এরপর সেখানে থাকা অন্য তরুণেরাও একই স্লোগান দিতে থাকেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে ১০ জনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। তাদের একজন নগরীর পাইকপাড়া এলাকার এবং বাকিরা ফতুল্লার বিসিক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটকের পর তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা করা হয়। পরে রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেরদৌস (১৮), আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০) ও নয়ন (১৮)। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া ও ফতুল্লার পঞ্চবটি বিসিক এলাকায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির পক্ষে মিছিলের প্রস্তুতির সময় শনিবার রাতে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের থানার হাজতখানায় রাখা হয়।

তিনি জানান, নিয়ম অনুযায়ী আটকের বিষয়টি পরিবারের সদস্যদের ফোন করে জানানোর কথা ছিল। পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য এসআই মনিরুল ইসলাম তাদের মুঠোফোন ব্যবহার করতে দিয়েছিলেন। তবে ওই সুযোগে তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে ভিডিও ধারণ করেন এবং পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওসি বলেন, মুঠোফোন ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি সরল বিশ্বাসে করা হয়েছিল।

এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ