Views Bangladesh Logo

নিউ মার্কেটে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন: পুলিশ

রাজধানীর নিউ মার্কেট এলাকায় গত মঙ্গলবার রাতে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম খন্দকার নাঈম আহমেদ টিটন (৩৮), যিনি সরকারের তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন। আঙুলের ছাপ বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিউ মার্কেটের শাহ নেওয়াজ হলের সামনে টিটনকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম করে জানান, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম ছিল দ্বিতীয় স্থানে। দীর্ঘকাল কারাবাস শেষে সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহত টিটন রাজধানীর হাজারীবাগ এলাকার জিগাতলার বাসিন্দা ছিলেন। তিনি অপর এক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের ভগ্নিপতি। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের ধারণা, অপরাধ জগতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এমনকি এই হত্যাকাণ্ডে ইমনের সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ও মাস্ক পরা দুই হামলাকারী একটি মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে টিটনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। টিটন মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে হামলাকারীদের একজন পুনরায় তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ