Views Bangladesh Logo

দর্শকমহলে প্রসংশায় ভাসছে ভিকি জাহেদের 'চক্র ২'

যে কোনো ওয়েব কনটেন্ট প্রথম নির্মাণ হলে তার পরের সিজন খুব নির্মিত হয় এমন বলা যায় না। তবে ‘চক্র’র ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটলো। সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ 'চক্র ২'।

নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির “চক্র ২”, যা আইস্ক্রিনে মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিল ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার এলো টান টান উত্তেজনায় ‘চক্র-২’।

আইস্ক্রিন-এর বিশেষ ঈদ আয়োজনের অংশ হিসেবে, ঈদের ছুটির শেষ প্রান্তে ২৬ মার্চ দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ভিকি জাহেদের পরিচালনায় এই ৮ পর্বের ওয়েব সিরিজ।

মুক্তির পর থেকে এটি ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে। মাত্র ৪৮ ঘণ্টায় ১ মিলিয়ন মিনিটের বেশি দেখা হয়েছে তারকা বহুল এই অরিজিনাল সিরিজ।

চারদিকে যখন সিরিজটির প্রশংসা, তখন এই উপলক্ষে রবিবার (২৯ মার্চ) দুপুরে চ্যানেল আইতে ‘চক্র ২’ এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ বিশ্লেষণ সেবা

সেখানে এর নির্মাতা কলাকুশলীরা উপস্থিত থেকে শুটিং অভিজ্ঞতা ও মুক্তির পর দর্শকদের ফিডব্যাকের নানা অভিজ্ঞতা শেয়ার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ভিকি জাহেদ চ্যানেল আইতে পুনর্জন্ম নাটক বানিয়েছিলেন। সেটা দিয়ে সত্যিই তার পুনর্জন্ম হয়েছে। চক্রের পর চক্র ২ অল্পসময়ের মধ্যে আইস্ক্রিনে যথেষ্ঠ সাফল্য পেয়েছে। এরপরের সিজন তিনি বানাবেন কিনা সেটাও ভেবে দেখতে পারেন।

ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, গাজী রাকায়েত, শাহেদ আলী সুজন, মৌসুমি মৌসহ আরও অনেকে।

তাদের শক্তিশালী অভিনয় এবং গল্পের রহস্যময়তা মিলিয়ে “চক্র ২” হয়ে উঠেছে এক অনন্য সাফল্য। অভিনেতা তৌসিফ বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। সেই হিসেবে মুক্তির আগে ভিতরে ভিতরে কিছুটা নার্ভাস ছিলাম। মুক্তির পর দর্শকদের ফিডব্যাকে মনে হচ্ছে পুলসিরাত পার হতে পেরেছি। লন্ডন থেকেও আমাকে দর্শকরা জানিয়েছেন, তারা ছুটির দিনে ফ্যামিলি নিয়ে আনন্দ করে চক্র ২ উপভোগ করছেন।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায়, কোনো সিরিজ শেষ হলে উল্লেখ থাকে পরের সিজন আসবে। কিন্তু সেটা আসে না। কিন্তু চক্র নির্মাণের পর থেকে প্রতিনিয়ত দর্শকদের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয় কবে চক্র ২ আসবে। চক্র ২ আনার জন্য আইস্ক্রিন ও সাগর স্যারের কাছে কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশে এর আগে কোনো ওয়েব সিরিজে এতো আর্টিস্ট একসঙ্গে কাজ করেছে কিনা জানা নেই। এতে ১৮টি চরিত্র রয়েছে প্রত্যেকে গুরুত্বপূর্ণ। দিনশেষে এটি ফিকশন। মূল গল্পের ছায়া থেকে হয়তো কি কি হয়েছে সেটা তুলে ধরে সিরিজটি নির্মাণ করেছি।বাংলাদেশ সংবাদ

এছাড়া আজমেরী হক বাঁধন, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ, একে আজাদ সেতু প্রত্যেকে সংবাদ সম্মেলনে ‘চক্র ২’ নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন।

“চক্র ২” দেখার জন্য আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। তবে চাইলে সাবস্ক্রিপশন না নিয়েও শুধুমাত্র ২৫ টাকা দিয়ে এই ৮ পর্বের ওয়েব সিরিজটি দেখা সম্ভব শুধুমাত্র আইস্ক্রিন-এ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ