সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন আজ
কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্মগ্রহণ করেন বাংলা গানের এই বরেণ্য শিল্পী। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে তিনি বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন। জন্মদিন উপলক্ষে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সংস্কৃতিজগতের মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
দিনটি উপলক্ষে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। সকালে প্রচারিত হয়েছে তার গাওয়া ১২টি জনপ্রিয় গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘গান আছে এখানে’। দুপুরে ‘তারকা কথন’ অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে আড্ডায় অংশ নেন গীতিকার রফিকুজ্জমান, শিল্পী মো. খুরশীদ আলম ও আবিদা সুলতানা। বিকেলে প্রচারিত হবে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে…’, যেখানে শিল্পীর শৈশব, সংগীতজীবন, বাংলা গানের বিবর্তন ও নতুন প্রজন্ম নিয়ে তার ভাবনা উঠে এসেছে।
সংগীতপ্রেমী পরিবারের সন্তান সৈয়দ আব্দুল হাদী শৈশবেই বাবার গ্রামোফোনে গান শুনে সংগীতের প্রতি আকৃষ্ট হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। ১৯৬৪ সালে ‘ডাকবাবু’ চলচ্চিত্রে পূর্ণাঙ্গ প্লেব্যাকের মাধ্যমে যাত্রা শুরু করে তিনি দ্রুতই বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় কণ্ঠে পরিণত হন।
তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘এই পৃথিবীর পান্থশালায়’, ‘এমনও তো প্রেম হয়’, ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না’, ‘যেও না সাথী’ এবং ‘আমি তোমারই প্রেম ভিখারী’।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ২০০০ সালে একুশে পদক এবং সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন এই কিংবদন্তি শিল্পী।
মতামত দিন