Views Bangladesh Logo

প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদার আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রবীণ কবি, সাংবাদিক অনুবাদক ও গবেষক জাতীয় প্রেস ক্লাবের দীর্ঘদিনের সদস্য এরশাদ মজুমদার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এরশাদ মজুমদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা হবে।

১৯৪০ সালের ৮ মার্চ ফেনীর উকিলপাড়ার মজুমদার বাড়িতে জন্ম নেয়া এরশাদ মজুমদার ফেনী কলেজ, জগন্নাথ কলেজ এবং ঢাকা কলেজে শিক্ষাজীবন শেষ করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি।

বাংলাদেশে অর্থনৈতিক সাংবাদিকতায় অগ্রগামী ছিলেন এরশাদ মজুমদার। সাংবাদিকতায় তার কর্মজীবন শুরু তৎকালীন পাকিস্তান অবজারভারে অর্থনৈতিক রিপোর্টার হিসেবে। এর পর কয়েক দশক ধরে কাজ করেছেন দৈনিক সংবাদ, পূর্বদেশ, বাংলার বাণী, এবং জনপদসহ উল্লেখযোগ্য সংবাদপত্রে।

১৯৭৮ সাল থেকে পর্যায়ক্রমে সাপ্তাহিক রিপোর্টার, দৈনিক ফসল এবং দৈনিক রিপোর্টার-এর প্রধান সম্পাদক ছিলেন তিনি। ১৯৯৮ সালে সাংবাদিকতা থেকে অবসর নেয়ার আগে দৈনিক সংবাদ এবং দ্য নিউ নেশনের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এরশাদ মজুমদার রচিত ১৪টি বইয়ের মধ্যে রয়েছে মায়ার চিঠি, কালো কবির কবিতা, ডিমের খোসায় পথচলা, আত্মার শব্দাবলি, ঢাকার পাঁচশো বছর, ৪৮ নম্বর তোপখানা রোড ইত্যাদি। তিনি রুমি ও মনসুর আল-হাল্লাজের রচনাও অনুবাদ করেন। জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের কবিতা সংগঠন কবিতাপত্র পরিষদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ