না ফেরার দেশে বাংলা চলচ্চিত্রের প্রবীণ পরিচালক রাজা সেন
বাংলা চলচ্চিত্রের প্রবীণ পরিচালক রাজা সেন আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার (১৬ আগস্ট) সকালে দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
রাজা সেনের মৃত্যুতে টালিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। দর্শকদের কাছে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র ‘দামু’র নির্মাতা হিসেবে। দীর্ঘ কর্মজীবনে চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ও তথ্যচিত্র নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
কয়েক বছর আগে ‘মায়ামৃদঙ্গ’ সিনেমার শুটিং চলাকালে সেটে পড়ে গিয়ে গুরুতর আহত হন রাজা সেন। ওই দুর্ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কোমরের চোটের কারণে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে উঠলেও পরে একাধিক শারীরিক জটিলতা দেখা দেয়।
চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুস ও কিডনিতে সমস্যা দেখা দেয়। পাশাপাশি হৃদরোগেও আক্রান্ত হন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। শেষ পর্যন্ত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমান এই প্রবীণ নির্মাতা।
১৯৯৬ সালে ‘দামু’ সিনেমার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন রাজা সেন। ছবিটি দর্শক-সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। সেরা শিশুচলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার পায় ‘দামু’, যা রাজা সেনের ক্যারিয়ারে বিশেষ মাইলফলক হয়ে রয়েছে।
দীর্ঘ নির্মাণজীবনে একাধিক চলচ্চিত্র, টেলিভিশন ধারাবাহিক ও তথ্যচিত্র নির্মাণ করেছেন রাজা সেন। তার পরিচালিত ‘দেশ’ সিনেমায় অভিনয় করেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। ২০১৯ সালে ‘ভালবাসার গল্প’ সিনেমার মাধ্যমে শেষবারের মতো পরিচালকের চেয়ারে বসেন তিনি। এরপর আর নতুন কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। তাঁর মৃত্যু বাংলা চলচ্চিত্রে রেখে গেল এক শূন্যতা।
মতামত দিন