Views Bangladesh Logo

না ফেরার দেশে ‘চৌরঙ্গী’, ‘জন-অরণ্য’র স্রষ্টা শংকর

 VB  Desk

ভিবি ডেস্ক

নিজের ছদ্মনামেই তিনি বেশি পরিচিত ছিলেন। ‘শংকর’ নামেই লিখেছেন বাংলা সাহিত্যের বহু জনপ্রিয় উপন্যাস। সেই প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় ৯২ বছর বয়সে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্রেন টিউমারসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত কয়েক দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার প্রয়াণে বাংলা সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৩৩ সালে তৎকালীন অবিভক্ত বাংলার যশোরে জন্মগ্রহণ করেন মণিশংকর। দীর্ঘ কয়েক দশক ধরে তার লেখনী বাঙালি পাঠককে আবিষ্ট করে রেখেছে। তার অবিস্মরণীয় উপন্যাস চৌরঙ্গী বাংলা সাহিত্যের এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত। এছাড়া জন-অরণ্য, সীমাবদ্ধ ও কত অজানারে তার উল্লেখযোগ্য সৃষ্টি।

সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বহু সম্মাননা পেয়েছেন। ২০২১ সালে ‘একা একা একাশি’ গ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার অর্জন করেন। জীবনের শেষ দিন পর্যন্ত সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

তার একাধিক উপন্যাস বড় পর্দায় রূপ পেয়েছে। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। ‘চৌরঙ্গী’ থেকেও নির্মিত হয় জনপ্রিয় সিনেমা, যেখানে স্যাটা বোস চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার। এ প্রসঙ্গে শংকর একবার বলেছিলেন, সত্যজিৎ রায়ই তাকে সর্বস্তরে পৌঁছে দিয়েছেন।

১৯৫৫ সালে তার প্রথম গ্রন্থ ‘কত অজানা রে’ প্রকাশের পর অল্প বয়সেই ব্যাপক পরিচিতি পান তিনি।

শুক্রবার দুপুরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাহিত্যপ্রেমীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক শোকবার্তায় বলেন, মণিশংকর মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলা সাহিত্য এক উজ্জ্বল নক্ষত্র হারাল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ