Views Bangladesh Logo

আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট আন্দোলনের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। গত চার দিন ধরে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জুন শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তার সার্বিক শারীরিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইসিইউতে তাকে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, হাসপাতালে নেওয়ার সময় তার স্বামীর রক্তচাপ ও শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বয়সজনিত নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরেই ভুগছেন এই গুণী শিল্পী। ২০২৪ সালের সেপ্টেম্বরে একবার গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে থাকতে হয়েছিল তাকে। পরে কিছুটা সুস্থ হলেও সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে।

শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন মুস্তাফা মনোয়ার। পরবর্তীতে দেশের পাপেট আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিতি পান তিনি। টেলিভিশনে শিশু-কিশোরদের জন্য তার নির্মিত বিভিন্ন অনুষ্ঠান ও সৃজনশীল উদ্যোগ একাধিক প্রজন্মের শৈশবকে সমৃদ্ধ করেছে।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হিসেবে ২০০৪ সালে একুশে পদক পান তিনি । এ ছাড়া ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে 'সুলতান স্বর্ণপদক' প্রদান করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ